দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টের আগে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ওপেনার জেক ওয়েদারল্ডকে স্কোয়াড থেকে বাদ দিয়ে তাঁর জায়গায় ম্যাট রেনশকে দলে নেওয়া হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ওয়েদারল্ড। দুই ইনিংসে তিনি করেন ২৩ ও শূন্য রান। এর আগে অ্যাশেজ সিরিজের পাঁচ টেস্টেও খুব একটা ভালো করতে পারেননি তিনি। পাঁচ ম্যাচে ২২.৩৩ গড়ে তাঁর সংগ্রহ ছিল ২০১ রান।
ওয়েদারল্ডের বদলি হিসেবে দলে ফেরা রেনশ সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালে ভারতের বিপক্ষে দিল্লিতে। ১৪ টেস্টের ক্যারিয়ারে তাঁর সংগ্রহ ৬৪৫ রান, ব্যাটিং গড় ২৯.৩১। সর্বোচ্চ ইনিংস ১৮৪ রান, পাকিস্তানের বিপক্ষে।
প্রথম টেস্টে ব্যর্থ অস্ট্রেলিয়ার অন্য কোনো ব্যাটারকে অবশ্য আপাতত বাদ দেওয়া হয়নি। ফলে দ্বিতীয় টেস্টে মার্নাস লাবুশেন ও বিউ ওয়েবস্টারের ওপরও বাড়তি চাপ থাকবে। প্রায় তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পাননি লাবুশেন। বাংলাদেশের বিপক্ষেও বড় ইনিংস খেলতে পারেননি তিনি।
১৩ সদস্যের স্কোয়াডে অতিরিক্ত ব্যাটার হিসেবে আছেন জশ ইংলিস। ফলে রেনশ সরাসরি একাদশে জায়গা পাবেন, নাকি ব্যাটিং অর্ডারে অন্য কোনো পরিবর্তন আনা হবে, সেটি এখনও নিশ্চিত নয়।
বোলিং আক্রমণ নিয়েও ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। প্রথম টেস্টে অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন খেলেছেন। দ্বিতীয় টেস্টে স্কট বোল্যান্ডকে একাদশে নেওয়া হবে কি না, তা নিয়েও আলোচনা রয়েছে। সে ক্ষেত্রে হ্যাজলউড কিংবা লায়নের কাউকে বিশ্রাম দেওয়া হতে পারে।
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অস্ট্রেলিয়ার। অন্যদিকে দুই ম্যাচের সিরিজে জয় দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে আরও একটি ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের সামনে।
দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডে আছেন প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও বিউ ওয়েবস্টার।
এমএম/